প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ প্রাণহানি
যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই লেবাননের বেকা উপত্যকা ও রিয়াক শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংসের অজুহাতে এই অভিযান চালানো হলেও হতাহতদের মধ্যে সাধারণ নাগরিকই বেশি বলে জানা গেছে।
লেবাননের আকাশে আবারও ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন ও মৃত্যুর মিছিল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশটির পূর্ব লেবাননের বেকা উপত্যকা ও রিয়াক শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। লেবাননের সরকারি বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় ১২ জন নিহতের পাশাপাশি আরও ৩০ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। বিমান হামলার কয়েক ঘণ্টা আগে এইন এল-হিলওয়েহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও ড্রোন হামলা চালায় ইসরায়েল, সেখানেও ২ জন নিহত হয়েছেন। আইডিএফের দাবি, ওই শিবিরটি হামাসের গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। জাতিসংঘের তথ্যমতে, চুক্তির পর থেকে এ পর্যন্ত ইসরায়েল লেবাননে ১০ হাজার বারেরও বেশি হামলা চালিয়েছে, যাতে নারী ও শিশুসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এই ধারাবাহিক হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও চরম অস্থিরতার দিকে যাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.