প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ নারীসহ নিহত ৫
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নারী ও চালকসহ দুইজন পুরুষ রয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে প্রাণ হারালেন অটোরিকশার ৫ আরোহী। দুপুর ২টার দিকে কবুরহাট থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন— আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে দুইজনের মরদেহ আনা হয়েছে, বাকিরা দুর্ঘটনাস্থলেই মারা গেছেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.