প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
আগামীর বাংলাদেশ হবে বাকস্বাধীনতা ও সমৃদ্ধির: কৃষিমন্ত্রী
গণতান্ত্রিক নতুন সরকারের লক্ষ্য হলো জনগণের বাকস্বাধীনতা নিশ্চিত করা এবং একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলা বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি সরকারি বেতন-ভাতা ও গাড়ির সুবিধা নেবেন না বলেও ঘোষণা দেন।
কুমিল্লাসহ সারাদেশের কৃষি ও শিল্পের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেছেন সরকারের নবনিযুক্ত শক্তিশালী চার মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। তিনি বলেন, দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার এসেছে। জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা আমাদের কাছে। আমরা সেই আস্থা পূরণে বদ্ধপরিকর।
কৃষি উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কুমিল্লার প্রখ্যাত ড. আখতার হামিদ খানের ‘কুমিল্লা মডেল’ অনুসরণ করে আধুনিক কৃষির প্রসার ঘটানো হবে। নিজের কৃষক পরিচয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি খাতের সংকট নিরসনে তিনি সরাসরি মাঠ পর্যায়ে কাজ করবেন। কুমিল্লার শিল্প বিপ্লবকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি জেলাকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে আমিন উর রশীদ ইয়াছিন জানান, মন্ত্রী হিসেবে তিনি কোনো সরকারি বেতন-ভাতা বা গাড়ির তেল খরচ গ্রহণ করবেন না। এছাড়া কুমিল্লার মানুষের দীর্ঘদিনের দাবি ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশ্বস্ত করেন। সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.