প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
আনসার একাডেমিতে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ উদ্বোধন
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করা হয়েছে। ১২০ ফুট উচ্চতার এই স্তম্ভটি বাহিনীর সদস্যদের মধ্যে জাতীয় চেতনা ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আজ সকালে এই বিশেষ স্তম্ভটির উদ্বোধন করেন। নবনির্মিত এই পতাকা-স্তম্ভে ২৮ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে মহাপরিচালক ভাষা শহীদ আব্দুল জব্বারকে স্মরণ করে বলেন, তিনি এই বাহিনীরই একজন প্লাটুন কমান্ডার ছিলেন, যার আত্মত্যাগ আজও সদস্যদের অনুপ্রাণিত করে।
এছাড়া তিনি উল্লেখ করেন, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে প্রায় ৫ লাখ ৭০ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করে দেশের অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এই স্তম্ভটিকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের নতুন প্রতীক হিসেবে অভিহিত করেন।
Copyright © 2026 All rights reserved.