প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত
নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে উপজেলা চত্বরে নবনির্মিত শহীদ মিনারে শোকাবহ পরিবেশে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন প্রথম পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপি, গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একই সাথে উপজেলার সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
সুমন খান/রাজধানী
Copyright © 2026 All rights reserved.