প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
৫ টাকার দ্বন্দে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের প্রাণহানী
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিল ৫ টাকা কম দেওয়ায় বড় ভাইয়ের মারধরের পর ছোটো ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে আসেন আলমগীর।
আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, তাঁর শ্বশুরবাড়িতে একটি বৈদ্যুতিক মিটার আছে । সেটি আলমগীর ও তাঁর বড় ভাই খোরশেদ আলম যৌথভাবে ব্যবহার করে আসছিলেন। বিদ্যুৎ বিলের টাকা দুজন ভাগাভাগি করে পরিশোধ করতেন। আলমগীরের বড় ভাই খোরশেদ অভিযোগ করেন, চলতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দিয়েছে।
শনিবার সন্ধ্যায় এ বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে খোরশেদ ও তাঁর কয়েকজন সঙ্গী আলমগীরকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎ বিল নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দোকানে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। সেখানে প্রত্যক্ষদর্শীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাঁচ মিনিট পর আলমগীর বসা অবস্থা থেকে ঢলে নিচে পড়ে যান। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরিবার থেকে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।
Copyright © 2026 All rights reserved.