প্রকাশের তারিখঃ Feb 22, 2026 ইং
আফগানিস্তানে প্রাণঘাতী বিমান হামলা চালালো পাকিস্তান
পাকিস্তান সরকার জানিয়েছে আফগানিস্তানে ‘উগ্রবাদীদের’ লক্ষ্য করে প্রাণঘাতী বিমান হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের সরকার জানিয়েছে বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদের মধ্যে শিশুও রয়েছে।
রবিবার ইসলামাবাদ জানায়, সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিলো আফগানিস্তান। সেই প্রতিক্রিয়ায় আফগানিস্তানের সাতটি স্থানে ‘উগ্রবাদী গোষ্ঠীগুলোকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়।
দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনী পাকিস্তানি তালেবান ও তাদের সহযোগী গোষ্ঠী এবং ইসলামিক স্টেটের (আইএস) একটি শাখাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।
গত বছরের অক্টোবরে দুইদেশ সীমান্ত সংঘাতে জড়িয়েছিল। এতে প্রায় ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানান, এবারের হামলায় নানগারহার ও পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসা ও আবাসিক বাড়িতে হামলা চালানো হয়। এতে করে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।
নানগারহারের বিসুদ জেলা থেকে এএফপির সাংবাদিক জানিয়েছেন, দুর্গম পার্বত্য অঞ্চলের ওই গ্রামের বাসিন্দারা উদ্ধারকারীদের সঙ্গে যোগ দিয়ে ধ্বংসস্তূপের নিচে মৃতদেহের সন্ধান করছেন।
স্থানীয় বাসিন্দা আমিন গুল আমিন (৩৭ বছর) বলেন, আমরা অতি সাধারণ মানুষ। এখানকার বাসিন্দারা পরস্পরের আত্মীয়। বোমাবর্ষণ থেকে বেঁচে যাওয়া একজন সাহায্যের জন্য চিৎকার করছিলেন।
নানগারহারের পুলিশ এএফপিকে জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে বোমাবর্ষণ শুরু হয়। খবর পাওয়া গেছে, তিন জেলায় আঘাত হানা হয়েছে ।
Copyright © 2026 All rights reserved.