প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
নির্বাচিত সরকার পছন্দমতো নিয়োগ দেবে, এটাই স্বাভাবিক: তাজুল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির পদ থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টিকে সহজভাবে গ্রহণ করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিদায়বেলায় তিনি জানান, সরকার পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ পদে পছন্দের লোক বসানো একটি প্রচলিত রীতি। দীর্ঘ দেড় বছরের ‘অম্লমধুর’ অভিজ্ঞতার ঝুলি নিয়ে তিনি এখন ফিরে যাচ্ছেন নিজের চিরচেনা আইন পেশায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় রদবদল এনেছে সরকার। মোহাম্মদ তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম। সোমবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
দায়িত্ব ছাড়ার সময় তাজুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর যখন তিনি দায়িত্ব নেন, তখন ট্রাইব্যুনাল ছিল ধ্বংসস্তূপের মতো। পরিত্যক্ত ভবন আর বৃষ্টির পানিতে ভেজা নথিপত্র নিয়ে কাজ শুরু করে তার টিম জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গত দেড় দশকের গুম-খুনের তদন্তকে একটি শক্তিশালী ভিতের ওপর দাঁড় করিয়েছে।
নিজে থেকে পদত্যাগ না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকেই পরিবর্তনের আভাস দেওয়া হয়েছিল। তিনি মনে করেন, নির্বাচিত সরকার তাদের আস্থার ব্যক্তিদের দায়িত্বে আনবে—এটাই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। কোনো অপ্রীতিকর বিতর্ক এড়াতেই তিনি প্রশাসনিক এই পরিবর্তনের পথ বেছে নিয়েছেন।
নিজের মেয়াদের বিচার কাজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই আইনজীবী। তিনি দাবি করেন, ট্রাইব্যুনালে তারা যে অকাট্য প্রমাণ ও দলিলাদি দাখিল করেছেন, তা উচ্চ আদালতে কোনোভাবেই চ্যালেঞ্জ করা সম্ভব নয়। নতুন নেতৃত্বের হাত ধরে ট্রাইব্যুনাল সফলভাবে তার গন্তব্যে পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো ধোঁয়াশা রাখেননি তাজুল। তিনি স্পষ্ট জানিয়েছেন, আপাতত অন্য কোনো সরকারি পদের প্রতি তার মোহ নেই। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেই তিনি পুনরায় তার কর্মজীবন শুরু করবেন।
Copyright © 2026 All rights reserved.