প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
শাহজালালের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আধুনিক এই টার্মিনালটি পরিচালনার জন্য ‘অপারেটর নিয়োগ’ কোন পদ্ধতিতে হবে—তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার। মূলত জাপান সরকারের সঙ্গে সরাসরি চুক্তি (জিটুজি) নাকি উন্মুক্ত দরপত্র (পিপিপি), এই দুই মডেলের দোটানায় ঝুলে আছে টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম।
প্রায় ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৯৯ শতাংশ শেষ হলেও অপারেটর নিয়োগ জটিলতায় এর সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। এই অচলাবস্থা কাটাতে গত রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠকে প্রধানমন্ত্রী দ্রুত টার্মিনালটি সচল করার তাগিদ দেন।
পূর্ববর্তী সরকার জাপানের সঙ্গে জিটুজি ভিত্তিতে এটি পরিচালনার পরিকল্পনা করেছিল। পরে অন্তর্বর্তী সরকার পিপিপি মডেলে যাওয়ার প্রস্তাব দেয়। বর্তমানে নতুন সরকার এই দুই পদ্ধতির সুবিধা-অসুবিধা পর্যালোচনা করছে। এ বিষয়ে আজ সোমবার জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, কারিগরি বিষয় ও আইনি জটিলতাগুলো খতিয়ে দেখে দ্রুতই চূড়ান্ত দিনক্ষণ জানানো হবে।
টার্মিনালটি নির্মাণের দায়িত্বে থাকা ‘এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)’ বকেয়া পাওনা নিয়ে আন্তর্জাতিক সালিশি বোর্ডে গিয়েছিল। বোর্ড সম্প্রতি বেবিচককে প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে। এদিকে, প্রকল্পের ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি নকশাগত কিছু ত্রুটি এবং ভেতরে মোবাইল নেটওয়ার্কের সমস্যার সমাধান এখন জরুরি হয়ে পড়েছে।
২ লাখ ৩০ হাজার বর্গমিটারের এই টার্মিনালে রয়েছে ১১৫টি চেক-ইন কাউন্টার এবং ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী সক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে দাঁড়াবে। ২০১৯ সালে শুরু হওয়া এই মেগা প্রকল্পের বড় অংশের অর্থায়ন করেছে জাপানি সংস্থা জাইকা।
Copyright © 2026 All rights reserved.