প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
নারী আসনে এমপি হতে চান অধ্যক্ষ রাবেয়া খাতুন
নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর এখন আলোচনার কেন্দ্রে সংরক্ষিত ৫০টি নারী আসন। এই আসনে নেত্রকোণার পূর্বধলা থেকে শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবীণ রাজনীতিক অধ্যক্ষ রাবেয়া খাতুন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার কারণে স্থানীয় রাজনীতিতে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
চলতি রমজান মাসেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে প্রতিটি জেলা থেকেই যোগ্য ও ত্যাগী নারী নেত্রীদের নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে। নেত্রকোণা থেকে এবার নারী এমপি হিসেবে জোরালো দাবি উঠেছে অধ্যক্ষ রাবেয়া খাতুনের পক্ষে।
অধ্যক্ষ রাবেয়া খাতুন এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তাঁর পিতা মরহুম অ্যাডভোকেট মৌলভী আকবর আলী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। এছাড়া তাঁর স্বামী সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলী নেত্রকোণা-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছেন। পারিবারিক এই ঐতিহ্যের পাশাপাশি রাবেয়া খাতুন নিজেও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী বর্তমানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তেজগাঁও থানা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। রাজনীতির পাশাপাশি শিক্ষা বিস্তারেও তাঁর অবদান অনস্বীকার্য। তিনি পূর্বধলার রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এবং বর্তমানে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি হিসেবে নারী শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
মনোনয়নের বিষয়ে অধ্যক্ষ রাবেয়া খাতুন বলেন, দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং সুসময়-দুঃসময়ে আমি পাশে ছিলাম। সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। দল যদি আমাকে সুযোগ দেয়, তবে নেত্রকোণার অবহেলিত মানুষের অধিকার আদায়ে এবং দলের আদর্শ বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
সুশীল আচার্য/রাজধানী
Copyright © 2026 All rights reserved.