প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামের দায়িত্ব গ্রহণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ট্রাইব্যুনাল কার্যালয়ে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এর আগে সকালেই আইন মন্ত্রণালয় থেকে তাঁর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে নতুন নেতৃত্বের সূচনা হলো। সোমবার দুপুরে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ট্রাইব্যুনালে তাঁর নিজ দপ্তরে এসে পৌঁছালে সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নতুন দায়িত্বপ্রাপ্ত আমিনুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন এবং দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব গ্রহণের পর আমিনুল ইসলাম প্রসিকিউশন টিমের সকল সদস্যের সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ ট্রাইব্যুনালের বিচারাধীন মামলাগুলোর কাজ সফলভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সোমবার সকালেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ তাজুল ইসলামকে অব্যাহতি দিয়ে আমিনুল ইসলামকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিত।
Copyright © 2026 All rights reserved.