প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
বাধা মাড়িয়ে আল-আকসায় ৫০ হাজার মুসল্লির তারাবি
দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনী ও নানা বিধিনিষেধ উপেক্ষা করে অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে এশা ও তারাবির নামাজ আদায় করেছেন ৫০ হাজার ফিলিস্তিনি। রমজানের শুরু থেকেই পশ্চিম তীরে চরম উত্তেজনা এবং ধরপাকড় চললেও পবিত্র এই মসজিদে মুসল্লিদের ঢল নামে। ২০২৩ সালের যুদ্ধের পর এবারই প্রথম বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় নামাজে অংশ নিতে পেরেছেন হাজারো মানুষ।
জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ইসরায়েলি সামরিক চেকপয়েন্ট এবং মসজিদের প্রতিটি গেটে কঠোর তল্লাশি ও পরিচয় যাচাইয়ের মুখোমুখি হতে হয়েছে মুসল্লিদের। এরপরেও ৫০ হাজার ফিলিস্তিনি আল-আকসার প্রাঙ্গণে জমায়েত হয়ে নামাজ সম্পন্ন করেন।
সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রমজান উপলক্ষ্যে অন্তত ৩০০ জন জেরুজালেমবাসীর ওপর আল-আকসায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। বর্তমানে ১২ বছরের কম বয়সী শিশু এবং নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বের নারী ও পুরুষ ছাড়া অন্যদের প্রবেশাধিকার সংকুচিত করা হয়েছে। অনেক মুসল্লি কালান্দিয়া ও বেথলেহেম চেকপয়েন্টে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর মসজিদে প্রবেশের সুযোগ পান।
ইসরায়েলি বাহিনীর অভিযান এবং কট্টরপন্থী বসতি স্থাপনকারীদের হামলার হুমকির মধ্যেই ফিলিস্তিনিরা তাদের ধর্মীয় আচার পালন করছেন। যদিও ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতির পর বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছিল, তবুও বর্তমানে জেরুজালেমে সামরিক উপস্থিতি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেম ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে রয়েছে। ২০২৩ সালের গাজা যুদ্ধের পর থেকে আল-আকসায় মুসলিমদের প্রবেশে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করে আসছে দখলদার কর্তৃপক্ষ।
Copyright © 2026 All rights reserved.