প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
ফেডারেশনগুলোর কাছে ১ বছরের কাজের হিসাব চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
দেশের ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনতে ফেডারেশনগুলোর কাছে গত এক বছরের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সভায় তিনি আগামী ৭ দিনের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তৃণমূল থেকে নির্বাচন প্রক্রিয়া সংস্কারের পরিকল্পনাও জানান তিনি।
দেশের খেলাধুলার সার্বিক উন্নয়ন ও সমস্যা নিরসনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, গত এক বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রকৃত চিত্র বুঝতে একটি নিরপেক্ষ মূল্যায়ন প্রয়োজন। ফেডারেশনগুলোকে তাদের সফলতা, ব্যর্থতা এবং বিদ্যমান সমস্যার বিস্তারিত উল্লেখ করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি এবং ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য।
ক্রীড়াঙ্গনে সুস্থ ধারা ফিরিয়ে আনতে নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের আভাস দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এখন থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে উপজেলা পর্যায় থেকে। এরপর পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায় হয়ে ফেডারেশনগুলোর কেন্দ্রীয় নির্বাচন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হবে। এই স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে ফেডারেশন কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন প্রতিমন্ত্রী এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
Copyright © 2026 All rights reserved.