প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
চাকরি ফেরত পাচ্ছেন বাদ পড়া ৬৫০ পুলিশ কর্মকর্তা
২০০৬ সালে রাজনৈতিক কারণে নিয়োগ বাতিল হওয়া প্রায় ৬৫০ জন এসআই ও সার্জেন্ট তাদের চাকরি ফিরে পাবেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে পুলিশের শূন্য পদে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশও দিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুলিশ কর্মকর্তাদের নিয়োগ জটিলতা নিরসনের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, রাজনৈতিক অভিযোগ তুলে ২০০৬ সালে যাদের নিয়োগ বাতিল করা হয়েছিল, তারা অবশেষে ন্যায়বিচার পেতে যাচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের ফাইলটি আগে প্রধান উপদেষ্টার দপ্তরে ছিল। আদালতের রায় অনুযায়ী তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি পুনরায় প্রক্রিয়াকরণ করা হচ্ছে। তারা যেন দ্রুত কর্মস্থলে যোগ দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীতে বর্তমানে ২৭০১টি কনস্টেবল পদ শূন্য রয়েছে। জনবল সংকট কাটাতে এসব পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, "কেউ পুলিশের পেশাদারিত্বে বাধা সৃষ্টি করতে পারবে না। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে পুলিশের কাজে হস্তক্ষেপ করে, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
Copyright © 2026 All rights reserved.