প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
বহুমাত্রিক কূটনীতিতে সফল হওয়ার আশা পররাষ্ট্রমন্ত্রীর
বিশ্বের প্রভাবশালী দেশ ও জোটগুলোর বিপুল সমর্থন নিয়ে বহুমাত্রিক কূটনীতি পরিচালনার আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান দেশগুলো বর্তমান সরকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরা হয়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, "চীন, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়নের আমাদের ওপর গভীর আস্থা রয়েছে। তারা সবাই বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে। আমি অত্যন্ত আশাবাদী যে, আগামী দিনগুলোতে আমরা একটি সফল বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারব।"
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আইন ও বিচার খাতের সংস্কার অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন। তিনি জানান, ইউরোপের সঙ্গে বাংলাদেশের ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ)’ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দ্রুতই তা স্বাক্ষরিত হতে পারে।
সকাল থেকেই মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স ও ডেনমার্কসহ ইইউভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন। দেশি-বিদেশি সকল অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে নতুন পররাষ্ট্র প্রশাসন।
Copyright © 2026 All rights reserved.