প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি
পবিত্র মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে প্রখ্যাত আলেম শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসিকে নিয়োগ দিয়েছে সৌদি আরব।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক রাজকীয় আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি মদিনার ঐতিহাসিক কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সৌদি আরবের সুপরিচিত ইসলামী চিন্তাবিদ ও সুবক্তা শেখ সালেহ আল-মাগামসি এখন থেকে মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিনয় ও প্রজ্ঞার জন্য বিশ্বজুড়ে সমাদৃত এই আলেম দীর্ঘ দিন ধরে কোরআনের তাফসির ও সমসাময়িক ইসলামী শিক্ষা প্রচারে নিয়োজিত রয়েছেন।
১৯৬৩ সালে মদিনার নিকটবর্তী বদর গভর্নরেটে জন্মগ্রহণ করা এই আলেম শৈশব থেকেই মদিনার ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন। কিং আব্দুলআজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি শিক্ষকতা ও একাডেমিক গবেষণায় যুক্ত হন। তিনি তায়েবা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ইনস্টিটিউটে বক্তা হিসেবে কাজ করেছেন এবং কোরআনের অর্থ বিশ্লেষণে বিশেষ খ্যাতি অর্জন করেছেন।
আল-মাগামসি মদিনার ‘আল-বায়ান’ কেন্দ্রের প্রধান হিসেবে কোরআনের সূক্ষ্ম ব্যাখ্যা নিয়ে কাজ করেছেন। তার পরিচালিত বহু গবেষণামূলক ক্লাস ও ধর্মীয় বক্তৃতা বিশ্বব্যাপী মুসলিমদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সমসাময়িক বিষয়ের সাথে ইসলামের দর্শনের মেলবন্ধন ঘটানোর ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে।
Copyright © 2026 All rights reserved.