প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
নড়াইলে আধিপত্যের লড়াইয়ে বাবা-ছেলেসহ ৫ জন নিহত
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে বড়কুলা গ্রামে সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিল গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জোড়া বাবা-ছেলে রয়েছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বড়কুলা গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় খায়ের ও খলিল গ্রুপ। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে খলিল গ্রুপের চারজন এবং খায়ের গ্রুপের একজন নিহত হয়েছেন। নিহতরা হলেন:
• খলিল রহমান ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন।
• ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ।
• ওসিবুর মিয়া (সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের সমর্থক)।
খলিল গ্রুপের চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ওসিবুর মিয়াকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও অন্তত ৭ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 All rights reserved.