প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
ফিলিস্তিন ইস্যু: ট্রাম্পের শান্তি বোর্ড প্রত্যাখ্যান মেক্সিকোর
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ও আলোচনার টেবিলে না রাখায় ডোনাল্ড ট্রাম্পের নতুন ‘বোর্ড অফ পিস’-এ পূর্ণ সদস্য হিসেবে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জানিয়েছেন, মেক্সিকো কেবল ‘পর্যবেক্ষক’ হিসেবে এই বোর্ডে থাকবে। তাঁর মতে, দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের অংশগ্রহণ অপরিহার্য।
মধ্যপ্রাচ্যে শান্তি ও গাজা পুনর্গঠনের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের নেওয়া নতুন উদ্যোগে সরাসরি যুক্ত হচ্ছে না মেক্সিকো। গত রোববার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম তাঁর সরকারের এই কঠোর অবস্থানের কথা নিশ্চিত করেন।
শিনবাম স্পষ্ট করে বলেন, মেক্সিকো ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই শান্তি আলোচনার টেবিলে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনের অংশগ্রহণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু ট্রাম্পের এই বোর্ডে বর্তমানে ফিলিস্তিনের কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি, তাই আমরা এর পূর্ণ সদস্য হতে পারছি না।
মেক্সিকো সরকার গাজার শান্তি ও পুনর্নির্মাণের লক্ষ্যকে নীতিগতভাবে সমর্থন করলেও বর্তমান কাঠামোর সাথে একমত নয়। প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, আপাতত মেক্সিকো শুধুমাত্র একজন ‘পর্যবেক্ষক’ হিসেবে কার্যক্রমে নজর রাখবে। মেক্সিকোর ধারাবাহিক অবস্থান হলো—টেকসই শান্তি অর্জনের জন্য সংঘাতের সাথে জড়িত উভয় পক্ষকেই আলোচনার কেন্দ্রে থাকতে হবে।
Copyright © 2026 All rights reserved.