প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
৪৫তম বিসিএস: মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমার নির্দেশ
৪৫তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২ মার্চের মধ্যে নির্ধারিত ছক পূরণ করে এসব নথিপত্র ডাকযোগে অথবা সরাসরি মন্ত্রণালয়ে জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের অংশ হিসেবে এই নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে ৪৫তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়, যেখানে এক হাজার ৮০৭ জন প্রার্থী বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উত্তীর্ণদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা কোটার সুবিধা পেয়েছেন, তাদের যোগ্যতার সত্যতা যাচাইয়ের জন্য সনদ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জমা দিতে হবে। আগামী ২ মার্চের মধ্যে সংশ্লিষ্ট শাখায় এসব কাগজপত্র পৌঁছানো নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক সাময়িকভাবে নির্বাচিত এই প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার আগে মুক্তিযোদ্ধা সনদ যাচাই একটি নিয়মিত দাপ্তরিক ধাপ। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে ব্যর্থ হলে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.