প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
তরুণীকে হেনস্তা ও আপত্তিকর ছবি তোলার চেষ্টা: নোবেল গ্রেপ্তার
বিয়ের প্রলোভনে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তোলার চেষ্টার অভিযোগে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে নানা বিতর্কে জড়িয়ে থাকা কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল এবার গুরুতর ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হলেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশের তথ্যমতে, নোবেলের বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রাখার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ওই তরুণীকে হেনস্তা করা এবং জোরপূর্বক আপত্তিকর ছবি তৈরির চেষ্টার দায়ে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতেই আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।
ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্টের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2026 All rights reserved.