প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, ডাকলেন রাষ্ট্রপতি
আগামী ১২ মার্চ (২৭ ফাল্গুন) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন ডেকেছেন।
শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনে আগামী ১২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে নতুন সংসদের পথচলা। এই অধিবেশনের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ২০২৬ সালের নির্বাচনের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ বেলা ১১টায় অধিবেশনের শুরুর সময় নির্ধারণ করেছেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম বৈঠকের দিন থেকেই সংসদের পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হবে।
নবনির্বাচিত এই সংসদের মেয়াদ ২০৩১ সালের ১১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। প্রথম অধিবেশনে সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণ প্রদানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। নতুন সরকার গঠনের পর এটিই হবে সংসদ সদস্যদের প্রথম আনুষ্ঠানিক জমায়েত।
Copyright © 2026 All rights reserved.