প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কড়া নির্দেশ
সরকারি কর্মব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থানের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশের সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নতুন নির্দেশনায় ছুটির দিনেও কর্মস্থল ত্যাগের আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে জানানো হয়, ‘সরকারি কর্মচারী বিধিমালা ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা ২০২৪’ অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের অফিসের সময়সূচি কঠোরভাবে মেনে চলতে হবে।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়ে বলা হয়েছে, সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এই আদেশ দ্রুত কার্যকর করতে এবং অধীনস্থ সকল দপ্তরকে এ বিষয়ে কড়া বার্তা দিতে অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকার এই কঠোর অবস্থান নিয়েছে।
Copyright © 2026 All rights reserved.