প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ চায় না ইউরোপীয় ইউনিয়ন
ইরান ইস্যুতে নতুন করে সামরিক উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। তিনি সতর্ক করে বলেছেন, এই অঞ্চলটি ইতিমধ্যে অনেক সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, তাই মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের কোনো প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া ১৫ দিনের সময়সীমার মুখে ইইউ-এর এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি ইরানের পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যেই ট্রাম্প প্রশাসন তেহরানকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হলে বড় ধরনের সামরিক পরিণতির হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই হুমকির পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা যে কোনো মুহূর্তে যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইইউ নেতা কাজা কালাস বলেন, বর্তমানে ইরান কিছুটা দুর্বল অবস্থানে রয়েছে, আর এই সুযোগটিকেই কূটনৈতিক আলোচনার কাজে লাগানো উচিত। তিনি স্পষ্ট করেন যে, নতুন কোনো সামরিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। বিশ্বশক্তিগুলোর চাপের মুখে ইউরোপীয় ইউনিয়ন শান্তি ও আলোচনার পথকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
Copyright © 2026 All rights reserved.