প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
এপস্টাইন কেলেঙ্কারি পশ্চিমা সভ্যতার কুফল: খামেনি
জেফ্রি এপস্টাইনের ব্যক্তিগত দ্বীপের আলোচিত যৌন কেলেঙ্কারিকে পশ্চিমা সভ্যতা ও উদার গণতন্ত্রের চূড়ান্ত পরিণতি হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একে 'অপকর্মের দ্বীপ' বলে বর্ণনা করেন এবং এই ঘটনার জন্য পশ্চিমা নৈতিক অবক্ষয়কে দায়ী করেন।
এপস্টাইন কেলেঙ্কারির প্রকাশিত নথিপত্র নিয়ে মন্তব্য করতে গিয়ে খামেনি বলেন, পশ্চিমাদের যে দুর্নীতির কথা সচরাচর শোনা যায়, এই দ্বীপের ঘটনা তার চেয়েও ভয়াবহ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শত বছরের তথাকথিত আধুনিক সংস্কৃতির অনিবার্য ফলাফল।
তিনি দাবি করেন, প্রভাবশালী ব্যক্তিদের এই শোষণের ঘটনা পশ্চিমা ব্যবস্থার দীর্ঘদিনের লালিত কুফলেরই বহিঃপ্রকাশ। ভবিষ্যতে এ ধরনের আরও অনেক ন্যাক্কারজনক ঘটনা সামনে আসতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। খামেনির এই বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
Copyright © 2026 All rights reserved.