প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
কাজের মাধ্যমে দৃষ্টান্ত রেখে যেতে চাই: খাদ্যমন্ত্রী
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সরকার সমালোচনা নয় বরং কাজের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খাদ্য ভবনে এক মতবিনিময় সভায় তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি কর্মকর্তাদের গতানুগতিক ধারার বাইরে এসে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকে মন্ত্রী বলেন, কেবল খাদ্য উৎপাদন বাড়ানোই নয়, বরং খাবারের মান নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, দেশের খাদ্যে মাত্রাতিরিক্ত হেভিমেটালের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, যা থেকে উত্তরণ জরুরি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করার মাধ্যমে আন্তর্জাতিক মানের (ইউএসএফডিএ) সনদ নিশ্চিত করা হবে, যাতে বাংলাদেশ চালের পাশাপাশি অন্যান্য খাদ্যদ্রব্যও রপ্তানি করতে পারে।
মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা অঙ্গীকারবদ্ধ। সমস্যা সমাধানের জন্য কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি শক্তিশালী ‘টিমওয়ার্ক’ গড়ে তোলার ওপর জোর দেন তিনি। সভায় খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ভেজালমুক্ত খাদ্যের বিষয়ে কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন এবং খাদ্য সচিব ভুল তথ্যের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।
Copyright © 2026 All rights reserved.