প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টায় জামায়াতের হুঁশিয়ারি
কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের কার্যালয় খোলার অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সরকারের ‘ছাড় দেওয়ার মানসিকতা’ নিয়ে প্রশ্ন তোলেন। নিষিদ্ধ এই দলকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী হবে বলে তিনি সতর্ক করেন।
জামায়াতের বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ও প্রশাসনিকভাবে নিষিদ্ধ দল হিসেবে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড পরিচালনার আইনি ভিত্তি নেই। দেশের বিভিন্ন স্থানে জয় বাংলা স্লোগান দিয়ে তারা ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে। জামায়াত নেতা অভিযোগ করেন, সম্প্রতি বিএনপির কিছু নেতার নমনীয় বক্তব্যের সুযোগ নিয়ে এই অপশক্তি আবারও সক্রিয় হওয়ার সাহস পাচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সরকারের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। জনগণের নিরাপত্তা ও দেশের শান্তি বজায় রাখতে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানায় দলটি। একইসঙ্গে পতিত এই শক্তির বিষয়ে দেশবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
Copyright © 2026 All rights reserved.