প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
চিরনিদ্রায় মসজিদে নববীর বর্ষীয়ান শিক্ষক শায়খ হাজি
মদিনার পবিত্র মসজিদে নববীতে দীর্ঘ ৫০ বছর ধরে কুরআন ও দশ কিরাআত শিক্ষা দেওয়া প্রখ্যাত আলেম শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন। মসজিদে নববীর মেঝেতে যখন কার্পেট ছিল না, সেই কাঁকর বিছানো প্রাঙ্গণ থেকে শুরু করে আধুনিক সম্প্রসারণ পর্যন্ত কয়েক প্রজন্মের শিক্ষার্থীদের তিনি পবিত্র কুরআনের পাঠ দান করেছেন। জান্নাত আল-বাকি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
নিষ্ঠা ও নিরলস সাধনার এক অনন্য নজির ছিলেন শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি। জীবনের অর্ধশতাব্দী মসজিদে নববীতে অতিবাহিত করলেও পাঠদান থেকে তিনি বিরতি নেননি বললেই চলে। স্থানীয়দের মাঝে আলোচিত আছে যে, কেবল তাঁর বোনের মৃত্যুর দিনটি ছাড়া অন্য কোনো দিন তিনি ক্লাসে অনুপস্থিত ছিলেন না। সেদিনও জানাজা শেষে তিনি আবার শিক্ষার্থীদের মাঝে ফিরে আসেন।
তাঁর হাত ধরে শিক্ষা গ্রহণ করেছেন হাজার হাজার শিক্ষার্থী, যারা বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্বারি ও আলেম হিসেবে দায়িত্ব পালন করছেন। মদিনার ঐতিহাসিক জান্নাত আল-বাকি কবরস্থানে অসংখ্য সাহাবায়ে কেরাম ও মহান মনীষীদের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তাঁর মৃত্যুতে মদিনার আলেম সমাজ ও তাঁর অসংখ্য গুণগ্রাহীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 All rights reserved.