প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
সন্ধ্যায় এনসিপি-র জরুরি সংবাদ সম্মেলন
দেশের সার্বিক পরিস্থিতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলতে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে কথা বলবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।
এনসিপি-র এই সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের পাশাপাশি উপস্থিত থাকবেন সারজিস আলম ও আব্দুল হান্নান মাসউদ। নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করা দলটি ইতোমধ্যে সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত প্রার্থী খোঁজার কাজ শুরু করেছে। সম্প্রতি সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ, আরিফুল ইসলাম আদীব ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আলোচনায় রয়েছে।
এদিকে স্থানীয় সরকার ব্যবস্থায় আমলাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকদের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। ঢাকা ও চট্টগ্রামসহ ছয় সিটিতে ইতোমধ্যে বিএনপির নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি-র এই জরুরি সংবাদ সম্মেলনকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।
Copyright © 2026 All rights reserved.