প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
সার্ক পুনরুজ্জীবনে সক্রিয় ভূমিকা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) শক্তিশালী করতে সক্রিয় উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ারের সাথে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সংস্থাটির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা জানান। সার্বভৌম সমতা ও জনগণের কল্যাণ নিশ্চিতে সার্কের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সার্কের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, আশির দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগেই এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সার্কের ধারণাটি প্রস্তাব করা হয়েছিল। সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মতো মূলনীতিগুলো মেনে চলতে বাংলাদেশ সবসময়ই অঙ্গীকারবদ্ধ।
ড. খলিলুর রহমান আরও জানান, বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সার্ককে আরও কার্যকর করা জরুরি। বর্তমান প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ সদস্য দেশগুলোর সাথে কাজ করতে প্রস্তুত। মহাসচিব মো. গোলাম সারওয়ারের সাথে আলোচনায় আঞ্চলিক শান্তি ও সমষ্টিগত উন্নয়ন নিশ্চিতে সংস্থাটিকে গতিশীল করার বিষয়েও কথা হয়।
Copyright © 2026 All rights reserved.