প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
বন্দরে তুচ্ছ বিরোধে মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে সামান্য কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুলাল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। ছেলেকে প্রতিবেশী যুবকের মারধর থেকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ হারান তিনি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে দুলাল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার কেওডালা ওভারবাগ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুলাল স্থানীয় জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
নিহতের ছেলে ওসমান গনি জানান, প্রতিবেশী যুবক সাজিত বিনা কারণে তার পিঠে থাপ্পড় মারলে ঘটনার সূত্রপাত হয়। এর প্রতিবাদ করায় সাজিত তার পরিবারের সদস্যদের নিয়ে ওসমানের ওপর চড়াও হয়। ছেলেকে বাঁচাতে বাবা দুলাল এগিয়ে আসলে হামলাকারীরা লাঠি দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, সীমানা প্রাচীর ও তুচ্ছ বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সজীব হোসেন/রাজধানী
Copyright © 2026 All rights reserved.