প্রকাশের তারিখঃ Feb 26, 2026 ইং
রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প, উৎস ভারতের সিকিম
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। ভারতের সিকিম সীমান্ত এলাকায় এই কম্পনের উৎপত্তিস্থল বলে জানানো হয়েছে।
দুপুরের ব্যস্ততার মাঝেই হঠাৎ কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা। আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই মৃদু ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৬। তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে কম্পনের মাত্রা ৪.৮ বলে উল্লেখ করেছে।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম রাজ্যে। উৎপত্তিস্থল অনেক দূরে হওয়ায় বাংলাদেশে কম্পনের স্থায়িত্ব ও তীব্রতা ছিল তুলনামূলক কম।
প্রাথমিকভাবে এই কম্পনে দেশের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ এই কম্পনের ফলে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর ছেড়ে খোলা রাস্তায় নেমে আসেন। আবহাওয়া অফিস বিষয়টিকে ‘মৃদু’ বলে অভিহিত করলেও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.