প্রকাশের তারিখঃ Feb 26, 2026 ইং
কোহলি ছাড়া ১৬০ তাড়া করে জিততে জানে না ভারত: বিস্ফোরক শেবাগ
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর ভারতীয় দলের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগ। তিনি এক চমকপ্রদ পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন, বিরাট কোহলি বড় ইনিংস না খেললে বিশ্বকাপে ১৬০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড ভারতের নেই। বর্তমান দলের ব্যাটারদের ম্যাচ শেষ করার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে কোহলির মতো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে সেমিফাইনালের সমীকরণ কঠিন করে ফেলেছে ভারত। প্রোটিয়াদের দেওয়া ১৮৭ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সূর্যকুমার যাদবের দল। ভারতের এমন ব্যাটিং বিপর্যয়ের পর ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। তিনি মনে করেন, বিরাট কোহলির অবসরের পর রান তাড়া করার ক্ষেত্রে ভারত চরম অসহায়ত্বের পরিচয় দিচ্ছে।
শেবাগ বলেন, "পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, ভারত ১৬০ এর বেশি রান তাড়া করে কেবল তখনই জিতেছে যখন বিরাট কোহলি রান করেছে। কোহলি একা হাতে ম্যাচ শেষ করার ক্ষমতা রাখত, যা বর্তমান দলের কারোর মধ্যে দেখা যাচ্ছে না।" তিনি আরও প্রশ্ন তোলেন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব বা হার্দিক পান্ডিয়াদের মতো ব্যাটাররা সুযোগ পেলেও কেন ম্যাচ ফিনিশ করতে পারছেন না? শেবাগের মতে, বড় ম্যাচে জিততে হলে কাউকে না কাউকে কোহলির মতো ত্রাতা হয়ে উঠতে হবে।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং ধরণ নিয়েও সমালোচনা করেন শেবাগ। তার মতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সূর্যকুমারকে বেশ চাপে দেখা গেছে। তিনি বলেন, "ভয় নিয়ে খেললে বড় ম্যাচ জেতা সম্ভব নয়। স্কোরবোর্ড দেখে ঠান্ডা মাথায় খেললে স্ট্রাইক রেট নিয়ে ভাবার দরকার পড়ে না, যদি কেউ শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারে।" ভারতকে বিশ্বকাপে টিকে থাকতে হলে নির্ভীক ক্রিকেট খেলার এবং দায়িত্ব নেওয়ার কোনো বিকল্প নেই বলে সতর্ক করেছেন এই ক্রিকেট তারকা।
Copyright © 2026 All rights reserved.