প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
আতঙ্কের ২৭ দিন: এক মাসেই ১০ বার কাঁপল দেশ
চলতি মাসের মাত্র ২৭ দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত মোট ১০ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে। যদিও কম্পনগুলো মৃদু থেকে মাঝারি মাত্রার ছিল, তবে ঘন ঘন এই ভূকম্পন সাধারণ মানুষের মনে বড় ধরনের দুর্যোগের শঙ্কা জাগিয়ে তুলেছে।
সর্বশেষ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা উপকেন্দ্রিক ৫.৩ মাত্রার কম্পনটি দেশজুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলাদেশে ভূকম্পনের অস্বাভাবিক প্রবণতা লক্ষ করা গেছে। ইউএসজিএস (USGS) ও ইএমএসসি (EMSC)-এর তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার কম্পন দিয়ে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি সাতক্ষীরার ৫.৩ মাত্রা পর্যন্ত মোট ১০টি ভূমিকম্প অনুভূত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে সিলেট ও সীমান্ত সংলগ্ন মিয়ানমার অঞ্চলে। ৩ ফেব্রুয়ারি কলারোয়ায় ৪.১ মাত্রা এবং একই দিনে মিয়ানমার সীমান্তে ৫.৯ ও ৫.২ মাত্রার দুটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। এছাড়া ৯, ১০ ও ১৯ ফেব্রুয়ারি সিলেটে এবং ২৬ ফেব্রুয়ারি ভারতের সিকিম কেন্দ্রিক কম্পনে কেঁপে ওঠে বাংলাদেশ।
বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প সময়ের ব্যবধানে এতবার ভূকম্পন বড় কোনো ভূমিকম্পের পূর্বসংকেত হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা ও সিলেটে উৎপত্তিস্থল হওয়াকে ভূতত্ত্ববিদরা বিশেষ উদ্বেগের কারণ হিসেবে দেখছেন। বারবার এই কম্পন মাটির নিচের ফল্ট লাইনগুলোর সক্রিয়তা নির্দেশ করছে, যা বড় ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। জনমনে স্বস্তি ফেরাতে এবং দুর্যোগ মোকাবিলায় এখনই প্রস্তুতি জোরদারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Copyright © 2026 All rights reserved.