প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: নারী নেত্রীসহ গ্রেপ্তার ৮
রাজধানীর ধানমন্ডিতে ভোরে ঝটিকা মিছিল বের করার সময় মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী এবং তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ভোরে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব এলাকায় আকস্মিক একটি মিছিল বের করেন মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রায় ২০-২৫ জন নারী 'মুজিব প্রেমিক বাংলার নারীরা' লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে এগোতে থাকেন।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, মিছিলের খবর পেয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে ৭ জন নারীকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তাদের যাতায়াতে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয় এবং এর চালককেও হেফাজতে নেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল কি না, তা নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে ধানমন্ডি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.