প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
পাক হামলায় নিহত আফগান শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা
আফগানিস্তানে পাকিস্তানের চালানো বিশেষ সামরিক অভিযান ‘অপারেশন গজব লিল-হক’-এ তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা 'ওসিন্ট'।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে কাবুলে তালেবান সদরদপ্তর লক্ষ্য করে পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় তিনিসহ কয়েকজন সিনিয়র কমান্ডার প্রাণ হারান বলে জানা গেছে। তবে তালেবান কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা এখন চরম যুদ্ধের রূপ নিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব লিল-হক’ অভিযানে অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে। এই অভিযানের মধ্যেই আন্তর্জাতিক থিঙ্কট্যাংক ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট) এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানায়, পাকিস্তানি বিমান হামলায় তালেবানের প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন।
২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আখুন্দজাদা পর্দার অন্তরালে থেকে পুরো সরকার ব্যবস্থা পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যু সংবাদটি সঠিক হলে তা ওই অঞ্চলের রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। ওসিন্ট ইউরোপের দাবি অনুযায়ী, কাবুলের সদরদপ্তরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে এই সাফল্য পেয়েছে পাকিস্তান।
অন্যদিকে, আফগানিস্তান সরকার তাদের সর্বোচ্চ নেতার নিহতের খবর অস্বীকার না করলেও দাবি করেছে যে, পাকিস্তানের হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উল্টো তাদের পাল্টা হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কাবুল। দুই দেশের এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান এবং শীর্ষ নেতার মৃত্যু সংবাদ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
Copyright © 2026 All rights reserved.