প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি সামগ্রিক গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক করার পরিকল্পনা ব্যক্ত করেন।
বরিশাল সফররত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের সংস্কার ও আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের যে ব্যাপক প্রসার ঘটেছে, তার সঙ্গে খাপ খাইয়ে নিতে আমাদের বর্তমান ব্যবস্থাপনায় পরিবর্তন আনা জরুরি। পুরোনো আমলের তথ্য মন্ত্রণালয়কে আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো সিস্টেমের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে চলমান অস্থিরতা প্রসঙ্গে মন্ত্রী জানান, তিনি বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবহিত নন। তবে জেলা প্রশাসকের সাথে কথা বলে এবং আইনমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন।
বক্তব্য দেওয়ার আগে তথ্যমন্ত্রী বিআরটিএ-এর পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন। বরিশালের স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.