প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
পাক-আফগান যুদ্ধ: পাকিস্তানে ‘অপারেশন গজব-লিল-হক’ শুরু
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংঘাত এখন পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত থেকে আফগান তালেবান বাহিনীর অবস্থানের ওপর ‘অপারেশন গজব-লিল-হক’ নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। এই অভিযানে দুই দেশের সীমান্তজুড়ে তীব্র লড়াই চলছে এবং পাকিস্তানের দাবি অনুযায়ী, তারা আফগান বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে।
সীমান্তে আফগান বাহিনীর হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী এই ব্যাপক পাল্টা অভিযান শুরু করে। প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যম বিষয়ক মুখপাত্র মুশাররফ জাইদি জানিয়েছেন, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাত পর্যন্ত পাকিস্তানের বিমান বাহিনী কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।
পাকিস্তানের দাবি, এই অভিযানে তালেবান বাহিনীর অন্তত ২৭টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ দুটি কোর সদর দপ্তরসহ বেশ কিছু লজিস্টিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ৮০টি আফগান ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ।
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই জানিয়েছেন, পাকিস্তানি বিমান বাহিনী বিভিন্ন প্রদেশে নির্বিচারে বোমাবর্ষণ করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একে ‘খোলা যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো উসকানির সমুচিত জবাব দেওয়া হবে।
অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগান সেনাবাহিনীও ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি বাহিনীর ওপর বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.