প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
ডিবির ওপর হামলা: স্বেচ্ছাসেবক দল নেতা মামুন বহিষ্কৃত
নেত্রকোনার কলমাকান্দায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন মিয়াকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার সীমান্ত এলাকায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন ডিবি সদস্যরা। এ ঘটনায় মামুনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।
কলমাকান্দার রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মামুন মিয়ার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। দলীয় সূত্র জানায়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তেরোতোপা এলাকায় ডিবি পুলিশ চোরাচালানবিরোধী অভিযান চালাতে গেলে মামুন ও তার সহযোগীরা পুলিশ সদস্যদের একটি ঘরে আটকে রেখে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
এই ঘটনার পর পুলিশ বিশেষ অভিযানে ১৫ জনকে আটক করেছে এবং ৪৬ লাখ টাকার বেশি নগদ অর্থসহ বিপুল পরিমাণ ভারতীয় গরু, মাদক ও মোটরসাইকেল জব্দ করেছে। পুলিশ বাদী হয়ে হামলা, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা করেছে। প্রতিটি মামলাতেই মামুন মিয়াকে দুই নম্বর আসামি করা হয়েছে। বর্তমানে পলাতক থাকা মামুনসহ অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
Copyright © 2026 All rights reserved.