প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
পছন্দমতো পোস্টিং পাবেন চিকিৎসকরা: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, চিকিৎসকদের তাদের পছন্দ অনুযায়ী কর্মস্থলে পদায়ন করা হবে। তবে শর্ত হিসেবে তাদের নিয়মিত রোগী দেখতে হবে এবং মাঠ পর্যায়ে ভিজিটে যেতে হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও জনবল সংকট নিরসনে নতুন পরিকল্পনা তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসকদের সুবিধার্থে তাদের পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া হলেও কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না। তারা শুধু অফিসে বসে থাকতে পারবেন না, বরং নিয়মিত রোগী সেবা নিশ্চিত করতে হবে। এছাড়া স্বাস্থ্য খাতের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাসও দেন তিনি।
মন্ত্রী আরও জানান, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবল দিয়ে ঢেলে সাজানো হবে। বিশেষ করে প্রসূতি মায়েরা যাতে নিজ এলাকাতেই প্রাথমিক চিকিৎসা পান, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যেসব হাসপাতাল পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতির অভাবে অচল হয়ে আছে, সেগুলো দ্রুত সচল করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
Copyright © 2026 All rights reserved.