প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
ইরানে ইসরায়েলের মিসাইল হামলা পূর্ব-নির্ধারিত
ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। শনিবারের (২৮ ফেব্রুয়ারি) এই হামলাকে ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ হিসেবে স্বীকার করেছে তেল আবিব। তেহরানের কেন্দ্রস্থলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশজুড়ে স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানের রিপাবলিক এলাকা ও কেন্দ্রস্থলের তিনটি স্থানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণের পর রাজধানীর আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
ইসরায়েলের দাবি, ইরানের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় এই আগাম হামলা চালানো হয়েছে। উল্লেখ্য যে, এই হামলার আগে গত জুন মাসেও ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছিল।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতা ও সামরিক শক্তি পঙ্গু করে দেওয়া। গত ১৩ই জুন এবং পরবর্তী সময়ে ২২শে জুনের ধারাবাহিক হামলার পর আজকের এই অপারেশনটি ছিল দীর্ঘ পরিকল্পনার অংশ।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এই হামলাকে ‘প্রি-অ্যাম্পটিভ’ বা আত্মরক্ষামূলক আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন এবং যেকোনো পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই দুই চিরশত্রু দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে।
Copyright © 2026 All rights reserved.