প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
ছুটির দিনেও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় তিনি তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
রাষ্ট্রীয় কাজে গতিশীলতা আনতে ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দিনের কর্মসূচিতে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও অধীনস্থ দফতর প্রধানদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয়বারের মতো ছুটির দিনে অফিস করা।
এর আগে গত ২১ ফেব্রুয়ারিও ছুটির দিনে প্রথমবার তেজগাঁও কার্যালয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেদিন তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেছিলেন। প্রধানমন্ত্রীর এই নিয়মিত তদারকি ও ছুটির দিনেও কর্মব্যস্ততাকে দাপ্তরিক কাজে গতি ও স্বচ্ছতা আনার প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Copyright © 2026 All rights reserved.