প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
জনপ্রত্যাশা পূরণে কর্মকর্তাদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওস্থ কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এই সভায় তিনি জনগণের ভাগ্য পরিবর্তনে এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মচারীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতি দূর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ বড় আশা নিয়ে এই সরকারের দিকে তাকিয়ে আছে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সরকারের অবিচ্ছেদ্য অংশ। সরকার তখনই সফল হবে, যখন আপনারা যথাযথ সহযোগিতা করবেন।” তিনি স্মরণ করিয়ে দেন যে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ জাতীয়তাবাদী দলের নির্বাচনি মেনিফেস্টোর পক্ষে রায় দিয়েছে, যা বাস্তবায়ন করা এখন সরকারের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং নারী উন্নয়নের এজেন্ডাগুলো দ্রুত কার্যকর করার নির্দেশনা দেন। তিনি বলেন, দেশকে সুশৃঙ্খল করতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কঠোরভাবে নিয়ম-নীতি ও গোপনীয়তা মেনে চলতে হবে। দেশ থেকে দুর্নীতি দূর করতে তিনি কর্মকর্তাদের পূর্ণ সমর্থন প্রত্যাশা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সভায় কার্যালয়ের গঠন ও কার্যাবলি নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনাও প্রদর্শিত হয়।
Copyright © 2026 All rights reserved.