প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
হামলার পর আকাশসীমা বন্ধ করল ইসরায়েল
ইরানে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তাঝুঁকি এড়াতে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির পরিবহন ও সড়ক নিরাপত্তা মন্ত্রণালয় থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এই জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ভোরে তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলি হামলার পর পাল্টা জবাবের আশঙ্কায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এর পরপরই ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা মন্ত্রী মিরি রেগেভ বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আকাশসীমা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এএফপি এবং আল জাজিরার তথ্যমতে, তেহরানের প্রাণকেন্দ্রে একাধিক শক্তিশালী বিস্ফোরণ এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেশজুড়ে নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ইরানের পক্ষ থেকে যেকোনো সময় ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য ‘প্রাকৃতিক সতর্কতা’ জারি করা হয়েছে। সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধকালীন উত্তেজনা ও চরম অস্থিরতা বিরাজ করছে।
Copyright © 2026 All rights reserved.