প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ যৌথ হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরান থেকে সরিয়ে একটি 'নিরাপদ স্থানে' নেওয়া হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের একটি সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 'শিল্ড অফ জুদাহ' নামের এই বিশেষ অভিযানে তেহরানের আইআরজিসি সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানজুড়ে জরুরি অবস্থা জারির পর সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিশ্চিতে তাকে দ্রুত রাজধানী থেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই অভিযানটি মূলত কয়েক মাসের পরিকল্পনার ফসল। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ড্রোন ঘাঁটিগুলো ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য।
ইরানি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে, তেহরানের কেন্দ্রীয় এলাকা এবং আইআরজিসি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট লক্ষ্য করে শক্তিশালী হামলা চালানো হয়েছে। হামলার ভয়াবহতা বিবেচনায় ইরান ও ইরাক তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এদিকে, ইসরায়েলজুড়েও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দুই প্রধান শক্তির এই প্রত্যক্ষ সংঘাত এখন এক মহাযুদ্ধের রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.