প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
পাবনায় দাদিকে খুন করে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যা
পাবনার ঈশ্বরদীতে এক ভয়াবহ নৃশংসতায় দাদি ও নাতনিকে খুন করা হয়েছে। উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে গভীর রাতে ঘরে ঢুকে বৃদ্ধা সুফিয়া খাতুনকে কুপিয়ে হত্যার পর তার ১৫ বছর বয়সী নাতনি জামিলাকে অপহরণ করা হয়। পরে নিকটস্থ একটি সরিষাক্ষেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। এই পৈশাচিক ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদীর ভবানিপুর উত্তরপাড়া গ্রাম থেকে সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তারের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের ধারণা, শুক্রবার দিবাগত রাতে অপরাধীরা জামিলাকে তুলে নিতে এলে বাধা দেন তার দাদি। এসময় ঘাতকরা বৃদ্ধাকে উঠানে কুপিয়ে হত্যা করে এবং কিশোরী জামিলাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে পাশের একটি নির্জন সরিষাক্ষেতে তাকে পাশবিক নির্যাতন শেষে হত্যা করে ফেলে রেখে যায়।
ভোররাতে স্থানীয়রা কান্নাকাটির শব্দ শুনলেও শুরুতে বিষয়টি বুঝতে পারেননি। সকালে বাড়ির উঠানে বৃদ্ধার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নাতনিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার হয়। ঘটনার সময় জামিলার বাবা ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এলাকাবাসী এই বর্বরোচিত ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Copyright © 2026 All rights reserved.