প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বর্ণাঢ্য ইফতার মাহফিল সম্পন্ন
অস্ট্রেলিয়ার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন ঘটিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘৬ষ্ঠ বার্ষিক মুসলিম লিবারেল পার্টি ইফতার ডিনার’। লিবারেল পার্টির লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন এসইসি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ জামানের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি বর্তমানে দেশটির লিবারেল পার্টির অভ্যন্তরে বৃহত্তম মুসলিম রাজনৈতিক সমাবেশে পরিণত হয়েছে। এতে অস্ট্রেলিয়ার ফেডারেল সিনেটর, সংসদ সদস্য ও মেয়রসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ২০২১ সালে যাত্রা শুরু করা এই ইফতার মাহফিলটি এখন অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে মুসলিম ও বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে নিউ সাউথ ওয়েলসসহ বিভিন্ন অঙ্গরাজ্যের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, চিকিৎসক এবং কমিউনিটি লিডাররা উপস্থিত ছিলেন। সিটি অফ ক্যান্টারবারি-ব্যাংকসটাউনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামানের নেতৃত্বে লাকেম্বা শাখাটি বর্তমানে অস্ট্রেলিয়ার একমাত্র শাখা, যেখানে বাংলাদেশিরা নীতিনির্ধারণী ও নেতৃস্থানীয় ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানে মোহাম্মদ জামান বলেন, আমাদের লক্ষ্য হলো অস্ট্রেলিয়ার মূলধারায় প্রবাসী বাংলাদেশি ও মুসলিম সম্প্রদায়ের অবদান তুলে ধরা। এটি কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, বরং একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমাদের দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব। এই আয়োজনের মাধ্যমে নিউ সাউথ ওয়েলসের রাজনীতিতে প্রবাসীদের অবস্থান আরও সুসংহত হয়েছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। লিবারেল পার্টির এই উদ্যোগটি বহুসংস্কৃতিবাদ ও তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.