প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
রূপগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র মহাসড়ক: আহত ২০
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইকুলি এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং উত্তেজিত শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বকেয়া বেতন ও ভাতার দাবিতে শনিবার সকাল থেকেই রূপগঞ্জের ‘বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড’ কারখানার সামনে উত্তেজনা বিরাজ করছিল। শ্রমিকদের অভিযোগ, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসের বেতন আটকে রেখেছে মালিকপক্ষ। প্রতিবাদ করলে শ্রমিক ছাঁটাই ও নির্যাতনেরও অভিযোগ তোলেন তারা। দাবি আদায়ে একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
দুপুর পৌনে ১টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং সড়কে আটকে থাকা বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করে। এই রণক্ষেত্রে শ্রমিক, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
Copyright © 2026 All rights reserved.