প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
ঈদের আগেই মিটবে শ্রমিকদের বকেয়া: সিলেটে তিন মন্ত্রীর ঘোষণা
সিলেটে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সরকারের তিন হেভিওয়েট মন্ত্রী অংশ নিয়েছেন। বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ঈদুল ফিতরের আগেই শ্রমিকদের সমস্ত বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে। একই সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বিদেশের বন্ধ শ্রমবাজার এক মাসের মধ্যে খোলার আশাবাদ ব্যক্ত করেন এবং পানিসম্পদ মন্ত্রী নদী রক্ষায় দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেন।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধের বিষয়ে বড় সুসংবাদ দিলেন বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেটের সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি জানান, শ্রমিকদের পাওনা পরিশোধে সরকার বদ্ধপরিকর। এছাড়া বাণিজ্য সম্প্রসারণে ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও কানাডার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি প্রবাসীদের জন্য আশার কথা শুনিয়ে বলেন, বিদেশের যেসব শ্রমবাজার বর্তমানে বন্ধ আছে, সেগুলো পুনরায় চালু করতে জোর তৎপরতা চলছে। আগামী এক মাসের মধ্যেই এর সুফল পাওয়া যাবে। স্পেনে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স জটিলতা দ্রুত নিরসনের কাজ চলছে বলেও তিনি নিশ্চিত করেন।
অন্যদিকে, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আসন্ন বর্ষা মৌসুম নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মতবিনিময় সভা শেষে মন্ত্রীরা সুরমা ও চেঙ্গার নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
Copyright © 2026 All rights reserved.