প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান এই হামলাকে তাদের জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার থেকে ইরান ‘দৃঢ় ও দাঁতভাঙ্গা’ জবাব দেওয়ার পূর্ণ প্রস্তুতি নিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানকে 'সশস্ত্র আগ্রাসন' হিসেবে আখ্যায়িত করেছে। তেহরানের দাবি, এই হামলায় দেশটির প্রতিরক্ষা অবকাঠামোর পাশাপাশি বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
বিবৃতিতে বলা হয়, ইরানি জাতি ইতিহাসজুড়ে কখনও কোনো আগ্রাসনের কাছে মাথানত করেনি এবং এবারও তার ব্যতিক্রম হবে না। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ইরান সবসময় ধৈর্য দেখিয়েছে, কিন্তু শত্রুর এই দুঃসাহস তাদের অনুতপ্ত হতে বাধ্য করবে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের কথা মনে করিয়ে দিয়ে ইরান স্পষ্ট করেছে যে, নিজেদের ভূখণ্ড রক্ষায় যেকোনো কঠোর পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার তাদের রয়েছে।
বিবৃতির শেষাংশে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী এখন পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে রয়েছে। শত্রুপক্ষ তাদের এই বৈরী পদক্ষেপের জন্য অচিরেই চরম মূল্য দেবে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলেছে।
Copyright © 2026 All rights reserved.