প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল শিশুর লাশ
নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের দুদিন পর দুই বছর বয়সী শিশু নাদিয়া সুলতানার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নাদিয়া ওই গ্রামের সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্যরা সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। শনিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট পাওয়ার পর এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হওয়া যাবে।
Copyright © 2026 All rights reserved.